শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

‘অবাঞ্ছিত’ চেয়ারম্যান, এনবিআরে তিন ঘণ্টার কর্মবিরতি ঘোষণা

মোহাম্মদ খাইরুল আমিন • 22 জুন 2025, 12:01 রাত • 209 বার পঠিত
‘অবাঞ্ছিত’ চেয়ারম্যান, এনবিআরে তিন ঘণ্টার কর্মবিরতি ঘোষণা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে সোমবার (২৪ জুন) সারা দেশে তিন ঘণ্টার কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ কর্মসূচি।

শনিবার (২১ জুন) বিকালে এনবিআর ভবনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কর কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার এবং মহাসচিব অতিরিক্ত কর কমিশনার মিজ সেহেলা সিদ্দিকা।

সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, এনবিআরের সংস্কার কার্যক্রমে দীর্ঘসূত্রিতা চলছে এবং বর্তমান চেয়ারম্যান রাজস্ব সংস্কারে প্রতিবন্ধকতার ভূমিকা রাখছেন। তার নেতৃত্বে কার্যকর সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করে তার অপসারণ দাবি করেন তারা। পাশাপাশি তাকে ‘রাজস্ব ভবনে অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে।

তারা আরও জানান, ১৯ জুন এনবিআর কর্তৃক গঠিত ‘রাজস্ব অধ্যাদেশ সংশোধন কমিটি’তে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। এমনকি কমিটি গঠনের আগে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, যা অগণতান্ত্রিক ও অবমাননাকর বলে উল্লেখ করা হয়।

নেতারা অভিযোগ করেন, এনবিআর চেয়ারম্যান বিভিন্ন সভা ও বক্তব্যে ঐক্য পরিষদের বৈধতা ও অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন এবং উসকানিমূলক মন্তব্য করছেন।

এদিন বিকেলে আয়োজিত পৃথক সভায় ৩০১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়। তারেক রিকাবদার সভাপতি এবং সেহেলা সিদ্দিকাকে মহাসচিব হিসেবে পুনঃনির্বাচিত করা হয়।

এছাড়া 'কেমন এনবিআর চাই' শীর্ষক একটি সেমিনার আয়োজনের জন্য এনবিআর ভবনে কক্ষ বরাদ্দ চেয়ে আবেদন করা হলেও প্রশাসন থেকে কোনো সাড়া না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতারা।

প্রসঙ্গত, গত ১২ মে সরকার এক অধ্যাদেশ জারি করে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নেয়।

এরপর থেকেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ধারাবাহিক কর্মসূচি পালিত হচ্ছে।
সরকার ২৬ মে ঘোষণা দেয়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আলোচনার মাধ্যমে অধ্যাদেশ সংশোধন করা হবে। কিন্তু এনবিআরের সদ্য গঠিত সংশোধনী কমিটিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর যথাযথ প্রতিনিধিত্ব না থাকায় সংস্কার কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে বলে দাবি করছেন রাজস্ব কর্মকর্তারা।