নভেম্বর মাসে তাইওয়ানে মোট ১৫৯টি চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ
নভেম্বর মাসে তাইওয়ানে মোট ১৫৯টি চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে। এর মাধ্যমে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চল লঙ্ঘন করেছে বেইজিং। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো তাইওয়ানের আকাশে রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে।
সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে জানানো হয়, গণতান্ত্রিক এই দ্বীপরাষ্ট্রটিতে সামরিক চাপ অব্যাহত রেখেছে চীন। কিছুদিন পরপরই তাইওয়ানের আকাশে চীনের সামরিক বিমানের মহড়া চালাতে দেখা গেছে। চীন তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে। অপর দিকে তাইওয়ান নিজেকে সার্বভৌম দেশ হিসেবে দেখছে। এক বছর যাবত তাইওয়ান বলে আসছে, চীনা যুদ্ধবিমান বারংবার তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে।
বিশ্লেষকদের মতে, চীনের এমন কর্মকাণ্ডের কারণে স্ব-শাসিত তাইওয়ান ক্রমাগত হুমকির মধ্যে বাস করছে। বলপ্রয়োগ করে এই দ্বীপরাষ্ট্রের দখল নিতে চায় বেইজিং। ২০১৬ সালে তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তাই ইং-ওয়েং। তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাইওয়ানের ওপর চাপ বাড়াতে শুরু করেছে বেইজিং। তাইওয়ান চীনের অংশ নয় বলে প্রথম থেকেই জোর দাবি করে আসছেন তাই ইং।