নতুন প্রধানমন্ত্রী আসার আগ পর্যন্ত ইমরানই দায়িত্বে
পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে আসবেন কেউ। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কাউকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত ইমরান খানই পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকছেন।
সোমবার পাকিস্তানের প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ২২৪-এ (৪) ধারায় নতুন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাবেন ইমরান। ২২৪ (এ) ধারায় তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়টি রয়েছে। বলা হয়েছে, পার্লামেন্টের নেতা বা বিরোধী দলীয় নেতা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে একমত হতে ব্যর্থ হলে এই ধারা অনুযায়ী পদে আসীন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন, যতক্ষণ পর্যন্ত না তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ও তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীর নিয়োগ হচ্ছে।
অবশ্য সোমবার দিনের গোড়ায় মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের কার্যকাল শেষ হয়েছে এবং এই আদেশ এখন থেকেই কার্যকর বলে বিবেচিত হবে বলে জানায়।
তবে দেশটির সংবিধানের ৯৪ ধরা বলছে, পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রীকে দেশটির প্রেসিডেন্ট দায়িত্ব পালন করার অনুরোধ করতে পারেন।
প্রসঙ্গত, পাকিস্তানের পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার বিষয়টি রোববার ডেপুটি স্পিকার কাশিম সুরি বাতিল করে দেন। এরপর ইমরান দেশটির প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের প্রক্রিয়ায় যাওয়ার পরামর্শ দেন। পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর এখন সেসব প্রক্রিয়াই চলছে।