শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নতুন চুক্তিতে সুস্পষ্ট বিজয় আজারবাইজানের, ‘ব্যথিত’ আর্মেনিয়া

অনলাইন নিউজ পোর্টাল • 10 নভেম্বর 2020, 06:28 বিকাল • 278 বার পঠিত
নতুন চুক্তিতে সুস্পষ্ট বিজয় আজারবাইজানের, ‘ব্যথিত’ আর্মেনিয়া

প্রায় ছয় সপ্তাহ যুদ্ধের পর নতুন যুদ্ধবন্ধের চুক্তি হলো আর্মেনিয়া-আজারবাইজানের। আজারি প্রেসিডেন্ট  স্বাগত জানিয়েছেন এ চুক্তিকে। কিন্তু আর্মেনিয়ায় শুরু হয়েছে বিক্ষোভ।

বিশেষজ্ঞরা বলছেন, চুক্তিতে ‘জয়’ হয়েছে আজারবাইজানের। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ”এই চুক্তি আমার এবং দেশের মানুষের পক্ষে অত্যন্ত কষ্টের। তবে যুদ্ধ বন্ধ করার জন্য এ চুক্তি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।” স্বাভাবিক ভাবেই চুক্তিটিকে স্বাগত জানিয়েছে আজারি প্রশাসন।

চুক্তিতে ঠিক হয়েছে, নাগোর্নো-কারাবাখে এই মুহূর্তে যার অবস্থানে যেখানে, সে সেখানেই থাকবে। গত এক সপ্তাহে আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর উদ্ধার করেছে আজারবাইজান। রোববার তারা রাজধানীর খুব কাছে পাহাড়ের উপর একটি স্ট্র্যাটেজিক শহর উদ্ধার করেছে। যেখান থেকে রাজধানীর উপর নজরদারি চালানো সম্ভব। ফলে চুক্তির বয়ান অনুযায়ী লাভ হলো আজারবাইজানের।

চুক্তির পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন একটি টেলিভিশন সাক্ষাৎকারের বলেছেন, চুক্তি যাতে রক্ষিত হয়, তার দিকে নজর রাখা হবে। কোনো পক্ষই যাতে নতুন করে যুদ্ধ শুরু করতে না পারে, সে দিকে নজর রাখা হবে। বিতর্কিত অঞ্চলে এবং দুই দেশের সীমান্তে রাশিয়ার প্রায় দুই হাজার সেনা মোতায়েন করা হবে। যারা শান্তির জন্য কাজ করবে। শুধু তাই নয়, যুদ্ধবন্দিদের দ্রুত হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলেও পুটিন জানিয়েছেন। জানিয়েছেন, আর্মেনিয়া এবং আজারবাইজানের সীমান্ত খুলে দেওয়া হবে। যে সীমান্ত ব্লকেড তৈরি করা হয়েছিল, তা আর থাকবে না।

আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি জানিয়েছেন, শুধু রাশিয়া নয়, তুরস্কের সেনাও সীমান্তে মোতায়েন করা হবে। তারাও শান্তির পক্ষে কাজ করবে।