নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
সম্প্রতি উত্তর কোরিয়া একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সিস্টেমের কিছু অংশ পরীক্ষা করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে এই ধরনের অস্ত্র পরীক্ষাকে গুরুতর উত্তেজনা বৃদ্ধি বলেও আখ্যায়িত করেছে দেশটি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গণমাধ্যম বিবিসি। পিয়ংইয়ং দাবি করেছে যে, গত ২৬ ফেব্রুয়ারি ও ৪ মার্চ এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় এবং একটি পুনরুদ্ধার স্যাটেলাইট নির্মাণের উদ্দেশেই তা নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখন বলছে যে, সম্ভাব্য পুরো মাত্রায় আইসিবিএম টেস্টের আগে নিক্ষেপ করা এই ক্ষেপণাস্ত্রগুলো ছিল মূলত পরীক্ষামূলক উৎক্ষেপণ।
ন্যূনতম সাড়ে ৫ হাজার কিলোমিটার (৩৪১৭ মাইল) পরিসীমাসহ এই আইসিবিএমগুলো যুক্তরাষ্ট্রে আঘাত করতে সক্ষম। এছাড়া এগুলো পারমাণবিক অস্ত্র বহনের জন্য ডিজাইন করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা উত্তর কোরিয়ার এই পরীক্ষাকে গুরুতর উত্তেজনা বৃদ্ধি হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে শুক্রবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। জ্যেষ্ঠ ওই মার্কিন কর্মকর্তা আরও বলেছেন, ওয়াশিংটনের আরোপ করা নতুন পদক্ষেপগুলো পিয়ংইয়ংকে তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির আরও উন্নয়নের জন্য বিদেশি আইটেম ও প্রযুক্তি হাতে পেতে বাধা দেবে।