নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যু: গাড়ির মূল চালকের স্বীকারোক্তি
রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় করা পল্টন থানার মামলায় গাড়ির মূল চালক হারুন মিয়া ওরফে কাইল্লা হারুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।
এদিন রিমান্ড শেষে আসামি হারুনকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আনিছুর রহমান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, গত ২৬ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরদিন গত ২৭ নভেম্বর হারুন মিয়ার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিকে এ মামলায় গত সোমবার পরিচ্ছন্নকর্মী রাসেল খান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।