নরসিংদীতে ঘরের ভেতর মা ও দুই শিশুর লাশ
মোহাম্মদ খাইরুল আমিন
•
22 মে 2022, 01:01 দুপুর
•
282 বার পঠিত
নরসিংদী জেলার বেলাব উপজেলার এক বাড়িতে নির্মম ঘটনা ঘটেছে। দুই শিশু সন্তানসহ এক নারীকে সেখানে হত্যা করা হয়েছে। শেষ রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত হয়েছেন মা, ছেলে ও মেয়ে।
নিহতরা হলেন ওই এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী রাহিমা বেগম (৩৬) ও তাদের দুই সন্তান রাব্বি শেখ (১২) ও রাকিবা শেখ (৭)।
বেলাব থানার ওসি সাফায়েত হোসেনের কাছ থেকে জানা যায়, পাটুলি ইউনিয়নের বাবলা গ্রাম থেকে রোববার সকালে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, নিহত রাহিমা দর্জির কাজ করতেন। সকালে এক নারী পোশাক বানানোর কাজে রাহিমার বাড়িতে যান। দরজার নিচ থেকে তিনি রক্ত দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তখন অন্যরা উপস্থিত হন। ঘরে ঢুকে তারা তিনজনের লাশ দেখতে পান। এরপর তারা পুলিশে খবর দেন।
পুলিশ এখনো হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি।