নোয়াখালীতে গ্রেপ্তার জামায়াতের ৪৫ কর্মীকে কারাগারে প্রেরণ
নোয়াখালী জেলা সদরে আজ গোপন বৈঠকের সময় আটককৃত জামায়াত ইসলামীর ৪৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার বিকাল পৌঁনে ৬টার দিকে আটককৃত আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলো- সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ হানিফ (৫২), চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারি ওমর ফারুক (৫২), সেনবাগ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুল আফসার (৫০), চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমীর মহিউদ্দীন হাসান (৪৮), কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেন (৫২)-সহ জামায়াতের ৪৫ জন নেতাকর্মী।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, রোববার দুপুর ১২টার দিকে জেলার বিভিন্ন উপজেলার জামায়াত নেতাকর্মীরা সুধারাম থানা এলাকার মাইজদী আল ফারুক একাডেমির দ্বিতীয়তলায় সরকার বিরোধী গোপন বৈঠক করার জন্য একত্রিত হয়। গোপন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)
নেতৃত্বে পুলিশ সদস্যরা বৈঠক চলাকালে আল ফারুক একাডেমিতে অভিযান চালিয়ে জামায়াত ইসলামী নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-এর আদলতে হাজির করা হয়। আদালতে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।