শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নৌকা ডুবলো ভুমধ্যসাগরে, মৃত্যু ৪১

অনলাইন নিউজ পোর্টাল • 17 এপ্রিল 2021, 02:42 দুপুর • 696 বার পঠিত
নৌকা ডুবলো ভুমধ্যসাগরে, মৃত্যু ৪১

ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবির ঘটনায় অন্তত ৪১ অভিবাসীর মৃত্যু হয়েছে। তিউনিশিয়ার সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে তিউনিশিয়ার ন্যাশনাল কোস্টগার্ড। তারা তিনজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।
সংবাদমাধ্যম রয়টার্সের খবরে জানা যায়, শুক্রবার তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর দিয়ে ইতালির লাম্পেদুসা দ্বীপে যাওয়ার সময় তিউনিশিয়া উপকূলেই নৌকাটি ডুবে যায়। পরে অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে কোস্টগার্ড। মৃতরা সবাই আফ্রিকান নাগরিক।

তিউনিশিয়ার সিভিল প্রোটেকশন সার্ভিসের পরিচালক মোউয়ার্দ মেছরি রয়টার্সকে বলেন, বৃহস্পতিবার শেষরাতে উপকূলীয় শহর সেফ্যাক্স থেকে যাত্রা শুরু করেছিল নৌকাটি। কোস্টগার্ড ৪১টি মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান এখনো চলছে।