নওগাঁয় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ
নওগাঁয় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একটি অ্যাম্বুলেন্স পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানায়, দুইদিন ধরে সুলতান প্লাজার সামনে এক ব্যক্তির একটি অ্যাম্বুলেন্স রাখা ছিল। শুক্রবার ভোরে হঠাৎ বিকট শব্দে অ্যাম্বুলেন্সটিতে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই অ্যাম্বুলেন্সটি পুড়ে যায়।
অ্যাম্বুলেন্সের চালক বলেন, বুধবার ভাড়া শেষে অ্যাম্বুলেন্সটি সুলতান প্লাজার সামনে রাখা হয়। এরপর আর ভাড়া না হওয়ায় অ্যাম্বুলেন্সটি সেখানেই ছিল। শুক্রবার ভোরে অ্যাম্বুলেন্সে থাকা গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে।
নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এর আগেই অ্যাম্বুলেন্সটি পুড়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, পাইপ লিজেকের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। এরপর তাপের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।