শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচিতে ফিলিস্তিনের পক্ষে শিক্ষার্থীদের

মোহাম্মদ খাইরুল আমিন • 07 এপ্রিল 2025, 04:14 দুপুর • 437 বার পঠিত
‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচিতে ফিলিস্তিনের পক্ষে শিক্ষার্থীদের

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে “নো ওয়ার্ক, নো ক্লাস” কর্মসূচি পালন করছেন। সোমবার (৭ এপ্রিল) সকাল থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন।

দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা সমবেত হন। এসময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকা ও নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। তারা ‘ফিলিস্তিন মুক্তি পাক, জায়নবাদ নিপাত যাক’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ ইত্যাদি স্লোগান দেন। প্ল্যাকার্ডে লেখা ছিল: ‘আল আকসা মুক্ত করো, খিলাফত কায়েম করো’, ‘ভয়েস ফর দ্য ভয়েসলেস’, ‘যাদের হাতে মুসলিমদের রক্ত, তাদের সাথে কীসের বন্ধুত্ব’ ইত্যাদি বার্তা।

একই দিনে গুলশানে মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষোভ করেন একদল তরুণ। তারা সড়কে অবস্থান নিয়ে ইসরায়েলবিরোধী স্লোগান দিতে থাকেন। নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা মিছিলের সামনে অবস্থান নেন এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটি , আইইউবি, এআইইউবি ও ইউআইইউ শিক্ষার্থীরা যৌথভাবে বিক্ষোভ মিছিল করেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি-এর ৮ নম্বর গেট থেকে শুরু হয়ে মিছিলটি বসুন্ধরা এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও কর্মকর্তারাও সংহতি প্রকাশ করেন। স্লোগানে উঠে আসে: ‘বয়কট ইসরায়েল’, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও’, ‘প্যালেস্টাইন উইল বি ফ্রি’ ইত্যাদি।

এছাড়া বুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করেন এবং তেজগাঁওয়ে সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ও সায়েন্সল্যাবে বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন।

শিক্ষার্থীরা বলেন, গাজায় শিশু ও সাধারণ মানুষের ওপর যে নির্মমতা চালানো হচ্ছে, তা দেখে তারা ব্যথিত ও ক্ষুব্ধ। তারা বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং মুসলিম দেশগুলোকে একত্রিত হয়ে এই গণহত্যার বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।