শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নিউ ইয়র্কের সুপার মার্কেটে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 15 মে 2022, 10:24 দুপুর • 299 বার পঠিত
নিউ ইয়র্কের সুপার মার্কেটে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আরো কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ১৮ বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর চেয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। নিউ ইয়র্ক পুলিশ ওই তরুণের নাম-পরিচয় জানায়নি। 

বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বেশ আয়োজন করেই এই ঘটনা ঘটাতে এসেছিলেন ওই তরুণ। তিনি হামলার ঘটনাটি অনলাইনে লাইভ সম্প্রচারের ব্যবস্থাও করেন। একটি ক্যামেরা ব্যবহার করেছেন এজন্য। 

শনিবার বিকেলে ওই তরুণ বাফেলোর একটি ব্যস্ত সুপার মার্কেটে ঢুকে হঠাৎ গুলি করতে শুরু করেন। তার লক্ষ্য ছিল মানুষ। ১০ জন তার গুলিতে মারা যান। মোট ১৩জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত তিনজনের অবস্থাও আশঙ্কাজনক। যারা মারা গেছেন তারা সবাই কৃষ্ণাঙ্গ। তারা সবাই ওই সুপার মার্কেটে কাজ করতেন। 

মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এই ঘটনাকে ‘জাতিগত বিদ্বেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করছে। সংবাদ সম্মেলনে এফবিআই কর্মকর্তা স্টিফেন বেলঙ্গিয়া জানান, ‘এই ঘটনাটিকে আমরা ঘৃণামূলক অপরাধ এবং জাতিগত বিদ্বেষ থেকে অনুপ্রাণিত সহিংস চরমপন্থার ঘটনা হিসেবে তদন্ত করছি।’  

এফবিআই জানিয়েছে, যে তরুণকে তারা গ্রেপ্তার করেছেন তাকে ঘটনার এলাকায় কয়েক ঘণ্টা গাড়ি নিয়ে ঘুরতে দেখা গেছে। তার কাছে শক্তিশালী রাইফেল ছিল। শরীরে ছিল বর্ম। মাথায় ছিল হেলমেট। ঘটনা ঘটানোর পর উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে ওই তরুণ আত্মসমর্পণ করেন। আজই তাকে আদালতে তোলা হবে।