শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নিউ ইয়র্কে বাংলাদেশি জিনাতের মৃত্যু আসলে আত্মহত্যা!

মোহাম্মদ খাইরুল আমিন • 15 মে 2022, 02:45 দুপুর • 359 বার পঠিত
নিউ ইয়র্কে বাংলাদেশি জিনাতের মৃত্যু আসলে আত্মহত্যা!

ট্রেন লাইনে ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় জিনাত হোসেনের। প্রথমে জানা গিয়েছিল, ছিনতাইকারী তাকে ধাক্কা দিয়ে ট্রেন লাইনে ফেলে দিয়েছিল। কিন্তু নিউ ইয়র্কের পুলিশের রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশি ওই কলেজ ছাত্রী জিনাত আসলে আত্মহত্যা করেছেন। 

অবশ্য পুলিশের এই দাবি মানতে নারাজ জিনাতের পরিবার ও প্রবাসীরা। তারা বলছেন, তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন। 

বুধবার রাতে ব্রুকলিনগামী ট্রেনের ৫৫ স্ট্রিট সাবওয়ে থেকে জিনাতের লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, ২৩ বছরের জিনাত কলেজ থেকে ফিরছিলেন।

শনিবার দুপুরে ব্রুকলিনের বায়তুল জান্নাহ মসজিদে তার জানাজার নামাজ হয়। জানাজার আগে তার নানা মো. কবীর সমবেতদের উদ্দেশে বলেন, ‘জিনাত আত্মহত্যা করেছে বলে পুলিশের রিপোর্টে বলা হয়েছে। কিন্তু এটা আমরা মনে করি না। ওই রিপোর্টে বলা হয়েছে, ওপর থেকে পড়ে মৃত্যু। এটা আসলে হেইট ক্রাইম’। এর প্রতিবাদে কমিউনিটিকে ঐক্যবদ্ধ হতে হবে।’

জিনাতের মৃত্যুর পর ২০১৯ সালের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটিকে জিনাতের মৃত্যুর ঘটনার দাবি করা হয়। বেশ কিছু সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পাতাল রেলের স্টেশনে অপেক্ষার সময় জিনাতের ব্যাগ ছিনিয়ে নিতে ছিনতাইকারী তাকে ধাক্কা দিয়ে ট্রেনের সামনে ফেলে দেয়।

জিনাত নিউ ইয়র্কের হান্টার কলেজের ছাত্রী ছিলেন। বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার জগতপুর গ্রামে। তিনি তার মা-বাবার সঙ্গে নিউ ইয়র্কে থাকতেন। ২০১৫ সালে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে যান তিনি।