নিউ মার্কেটে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ফখরুলের প্রশ্ন
নিউ মার্কেটের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘স্ট্র্যাটেজিক’ কারণে পুলিশের নিষ্ক্রিয় থাকার সমালোচনা করেছেন তিনি।
নিউ মার্কেট এলাকায় সোমবার রাতে প্রথম ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের কর্মচারী-ব্যবসায়ীদের সংঘর্ষ বাধে। মঙ্গলবার সকাল থেকে সারাদিন সেই সংঘর্ষ চলে দফায় দফায়। বেশ কিছু মানুষ আহত হন এই ঘটনায়। একজন পথচারী এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, গতকাল নিউমার্কেটে ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে একজনের প্রাণ গেছে। কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। পুলিশের যে কর্মকর্তারা দায়িত্বে ছিলেন তারা বলেছেন, স্ট্র্যাটেজিক কারণে আমরা নিষ্ক্রিয় ছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, সেই স্ট্র্যাটেজিক কারণটা কি দেশে মানুষ নিহত হবে; একটা সমস্যা তৈরি হবে সেটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করে ভিন্ন খাতে প্রবাহিত করবে?
তার আরো প্রশ্ন আছে। বলেছেন, কোন স্ট্র্যাটেজিক কারণ থাকে যখন বিএনপির ছোটখাটো কর্মসূচিকেও প্রতিরোধ করার জন্য শত শত, হাজার হাজার পুলিশ মুহূর্তের মধ্যে উপস্থিত হয়?
তার দাবি, এ কথা বলার কোনো অপেক্ষা রাখে না এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থ সরকার রাষ্ট্রকে ব্যর্থ করেছে। কোথাও তাদের কোনো প্রাধান্য নেই, নিয়ন্ত্রণ নেই। সবচেয়ে বড় যে সমস্যা দেখা দিয়েছে কোথাও কোনো জবাবদিহিতা নেই। পুলিশকে জবাবদিহি করতে হয় না। চুরি-দুর্নীতি করে সেখানে কোনো জবাবদিহি করতে হয় না।