শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিউ মার্কেট খুলেছে

মোহাম্মদ খাইরুল আমিন • 21 এপ্রিল 2022, 12:55 দুপুর • 835 বার পঠিত
নিউ মার্কেট খুলেছে

বৃহস্পতিবার রাতের সফল বৈঠকের পর এদিন সকাল থেকে নিউ মার্কেট এলাকার দোকানপাট আস্তে ধীরে খুলতে শুরু করেছে। গতকাল সামান্য সময় কিছু দোকান খুলেছিল। সেই হিসেবে আসলে দুদিন বন্ধ থাকার পর নিউ মার্কেট এলাকার বিপনী বিতানগুলো খুলছে। মিরপুর সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

দুদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সমাধানে পৌঁছান ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাতে শুরু হয়ে টানা চার ঘণ্টা চলা বৈঠকে সমঝোতার মাধ্যমে এই সমাধান আসে। 

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সায়েন্স ল্যাবরেটরি) সভা কক্ষে দুই পক্ষের বৈঠক হয়। সেখানে ব্যবসায়ী পক্ষের নেতারা ছিলেন। ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে ছিল ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। ছিলেন কলেজ শিক্ষকরা। আরো ছিলেন পুলিশের উপমহা পরিদর্শক পদমর্যাদার একজনসহ কয়েকজন কর্মকর্তা ছিলেন। বৈঠকের মূল ভূমিকায় ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের  মহাপরিচালক
নেহাল আহমেদ।

বৈঠক শেষে জানানো হয়, বৃহস্পতিবার সকাল থেকে নিউ মার্কেট এলাকার সব মার্কেটের সব দোকানপাট খুলবে। ওদিকে ঢাকা কলেজের ছাত্রদের ছুটির মধ্যে হলে থাকার বিষয়টি কি হবে কি হবে না সে বিষয়ে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল ১০টার পর থেকে দোকানপাট খুলতে শুরু করে। যে দুটি দোকানকে নিয়ে সংঘর্ষের সূত্রপাত তার মধ্যে ক্যাপিটাল ফাস্ট ফুডের দোকানটি বন্ধ রয়েছে। অবশ্য ওয়েলকাম ফাস্ট ফুডের দোকানটি খোলা আছে। 

নিউ মার্কেটেরে এক, দুই ও তিন নম্বর ফটক খুলে দেওয়া হয়েছে। চার নম্বর ফটক ভাঙা থাকায় সেটি মেরামতের পর খোলা হবে। সোমবার রাতে ওই ৪ নম্বর ফটক দিয়েই সংঘর্ষের সূচনা হয়।

সায়েন্স ল্যাবরেটরি থেকে শুরু করে নীলক্ষেত পর্যন্ত অনেকগুলো মার্কেট। করোনভাইরাসের কারণে সবাই কমবেশি ধুঁকছেন। তবে এবারের ঈদের ব্যবসা থেকে কিছুটা পুষিয়ে নেওয়ার ভাবনা ছিল তাদের। কিন্তু এই সংঘর্ষে তাদের অনেকটা ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। 

নিউ মার্কেটের সঙ্গে একে একে খুলেছে চন্দ্রিমা সুপার মার্কেট, গাউছিয়া, চাঁদনি চক। দুপুর নাগাদও অনেক দোকানপাট খোলা হচ্ছিল। নিউ মার্কেট লাগোয়া এলাকার বিপনী বিতানগুলো খুললেও ঢাকা কলেজের বিপরীত দিকের দোকানপাটগুলো এখনো খোলা হয়নি।