শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিউ মার্কেট এলাকা যেন যুদ্ধক্ষেত্র

মোহাম্মদ খাইরুল আমিন • 19 এপ্রিল 2022, 11:31 দুপুর • 224 বার পঠিত
নিউ মার্কেট এলাকা যেন যুদ্ধক্ষেত্র

নিউ মার্কেট এলাকায় আবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা ও নিউ মার্কেটের দোকান কর্মচারীরা সংঘর্ষে জড়িয়েছেন। মাঝরাতে প্রায় আড়াই ঘণ্টা জুড়ে ঘটেছে সংঘাতের ঘটনা।  আজ মঙ্গলবার সকালে আবার দুই পক্ষ জড়াল ঝামেলায়। তাতে মিরপুর রোডে সকল যান চলাচল বন্ধ আছে। 

সকাল সাড়ে ১০টার দিকে নতুন করে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের দোকান কর্মচারী-ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয়। এবার ছাত্ররা লাঠি, রড নিয়ে রাস্তায় নেমে আসেন। এক সময় তারা ঢিল ছুড়তে থাকেন। তাতে করে নিউ মার্কেটের কর্মচারী-ব্যবসায়ীরাও বেরিয়ে আসেন। একে অন্যের সঙ্গে ফের সংঘাতে জড়িয়ে পড়েন। 

নীলক্ষেত এলাকা থেকে শুরু করে নিউ মার্কেট ও ঢাকা কলেজ এলাকা যেন যুদ্ধক্ষেত্র। সংঘর্ষের সময় দুই পক্ষের দিক থেকে বৃষ্টির মতো ঢিল ছোড়াছুড়ি চলছিল। তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

ঢাকা কলেজের দিক থেকে অগ্রসর হয়েছেন যারা তাদের অনেকের মাথায় হেলমেট দেখা গেছে বলে জানা যায়। সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ার শেল ছোড়ে। এছাড়াও কয়েকটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। 

পুলিশ সূত্র জানায়, নিউ মার্কেটসহ আশেপাশের এলাকার সব দোকান পাট বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছেন। দোকান কর্মচারীরাও পথ ছাড়েননি। এই অবস্থায় দুই পক্ষ আবারো মুখোমুখি হয়েছে। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল। 

প্রসঙ্গত, সোমবার মধ্যরাতে প্রথম নিউ মার্কেটের দোকান কর্মচারীদের সঙ্গে পার্শবর্তী ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। রাত ১২টার দিকে এর শুরু। প্রায় আড়াই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। শেষে আড়াইটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

জানা যায়, নিউ মার্কেটে পোশাক কিনতে গিয়ে কথা কাটাকাটির জেরে দোকানকর্মীদের মারধরের শিকার হন তিন ছাত্র। সেখান থেকে সংঘর্ষের সূত্রপাত। মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় টায়ার কাঠসহ বিভিন্ন কিছু পোড়ানো হয়। দুই পক্ষের মধ্যে বৃষ্টির মত ঢিল ছোড়াছুড়ি চলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শের ছোড়ে। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।