নিষিদ্ধ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করছে রাশিয়া
সম্প্রতি রাশিয়া ক্লাস্টার বোমা এবং নিষিদ্ধ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার গোষ্ঠী এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত। এই দুই অস্ত্রই আন্তর্জাতিক মহলে চরম নিন্দিত। মঙ্গলবারএক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
মার্কিন যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভা সাংবাদিকদের বলেছেন যে, তারা আজ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে, যা আসলে জেনেভা কনভেনশন দ্বারা নিষিদ্ধ।
তিনি আরো বলেন, রাশিয়া ইউক্রেনে যে ধ্বংসযজ্ঞ চালাতে চাইছে তা অনেক বড়। অবশ্য নিষিদ্ধ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করে হামলা চালানোর বিষয়ে ইউক্রেনের এই অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ উভয়ই বলেছে যে রুশ বাহিনী ব্যাপকভাবে নিষিদ্ধ ক্লাস্টার অস্ত্র ব্যবহার করেছে বলে মনে হচ্ছে, অ্যামনেস্টি তাদের অভিযুক্ত করেছে যে তারা উত্তর-পূর্ব ইউক্রেনের একটি প্রিস্কুলে হামলা চালিয়েছে।