নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে ইসরায়েলি বাহিনী
গাজা উপত্যকায় হামলা চালানো শেষ হতে না হতেই এবার নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আগামী দুইদিনের মধ্যে ৫০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে তারা।
কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, অপারেশন ল অ্যান্ড অর্ডার শিরোনামে এই অভিযান চালানো হবে। ১৯৪৮ সালে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে এই গ্রেফতারি অভিযান চালানো হবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
ফিলিস্তিনের যুব সংগঠনগুলো এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনি গ্রাম ও শহরে সহিংস এই অভিযান পরিচালনা করতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সব ইউনিট এবং ব্রিগেড এবং বর্ডার পেট্রল বাহিনী এবং রিজার্ভ ব্রিগেডের হাজার হাজার সৈন্যকে মোতায়েন করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এটা যুদ্ধের ঘোষণা। ইসরায়েলি বাহিনী পাঁচ শতাধিকের বেশি ঘরে হানা দিয়ে আমাদের শিশু এবং যুবকদের অপহরণ করবে। এটা শুধু ‘ভয় দেখানো’ বা ‘ভয়ের নীতি’ প্রতিষ্ঠার চেষ্টা নয় বরং ইসরায়েলে ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধ ঘোষণা। আর এটা নীরবতার সঙ্গে কার্যকর করা হবে।