শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিরাপদ সড়ক দাবি পূরণ না হলে ১৫ ডিসেম্বর থেকে সারাদেশে অনশন

অনলাইন নিউজ পোর্টাল • 11 ডিসেম্বর 2021, 08:24 রাত • 272 বার পঠিত
নিরাপদ সড়ক দাবি পূরণ না হলে ১৫ ডিসেম্বর থেকে সারাদেশে অনশন

নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে তাদের দাবি পূরণ না হলে ১৫ ডিসেম্বর থেকে সারাদেশে অনশন কর্মসূচি ঘোষণা দিয়েছে। রাজধানীর সচিবালয় ভবনের সামনে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালন করা হবে।

আন্দোলনকারীদের পক্ষে শুক্রবার কেন্দ্রীয় শহিদ মিনারে এক সমাবেশে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ মেহেদী দীপ্ত এ কর্মসূচির ঘোষণা দেন। 

এ সময় সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সারাদেশের শিক্ষার্থীদের জন্য সব গণপরিবহনে অর্ধেক ভাড়ার গেজেট প্রকাশসহ ৯ দফা দাবি ঘোষণা করেন আন্দোলনকারীরা।

সাধারণ শিক্ষার্থীদের আহ্বানে ‘সড়কে স্বজন হারাদের সমাবেশ’ ব্যানারে কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশে অংশ নেন ২ বছর আগে সড়ক দুর্ঘটনায় ছেলে সাইফুল ইসলামকে হারানো শাহজাহান কবির।

তিনি বলেন, সাইফুল আমার একমাত্র ছেলে ছিল। ২ বছর আগে বাসচাপায় তার মৃত্যু হয়। বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে নানাভাবে চিঠি দিয়েছি। খুনি চালকরা রাস্তায় বিনা বাধায় গাড়ি চালাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত ন্যায়বিচার পাইনি।

সমাবেশের আয়োজক ভর্তিচ্ছু মঈদুল ইসলাম দাউদ বলেন, আজ আমাদের স্বাধীনতার ৫০ বছর। কিন্তু রাস্তায় কোনো শৃঙ্খলা নেই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।