নিজের মাথায় গু*লি চালিয়ে মার্কিন ধনকুবেরের আত্মহনন
মার্কিন ধনকুবের টমাস লি আত্মহত্যা করেছেন। জানা যায় গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ম্যানহাটনের অফিসে তিনি আত্মহত্যা করেন।
টমাস লি বেসরকারি ইকুইটি বিনিয়োগ ও লেভারেজড বাইআউটের অগ্রদূত হিসেবে বিবেচিত হন।
গত বৃহস্পতিবার সকালে জরুরি সেবা নম্বরে ফোনকল পেয়ে তার বিনিয়োগ প্রতিষ্ঠানের সদর দপ্তরে যায় পুলিশ। তারা তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
অফিস কর্মীরা জানান, বৃহস্পতিবার স্বাভাবিক অবস্থায় অফিসে যান লি। তার ব্যবহার বা কথাবার্তায় কোনো অস্বাভাবিকতা ছিল না। বেলা ১১টায় নিজের চেম্বারে ঢুকে দরজা বন্ধ করে দেন লি। পরে গুলির শব্দ শুনে আতঙ্কিত হয়ে কর্মীরা পুলিশে খবর দেন।
অফিস কর্মীরা প্রথমে ভেবেছিলেন, অফিসে কোনো দুষ্কৃতকারী ঢুকে গুলি চালিয়েছে। আতঙ্কে তারা অফিস ছেড়ে রাস্তায় নেমে পড়েন। পরে পুলিশ এসে গোটা অফিস ঘিরে ফেলে। সম্ভাব্য হামলাকারীকে মাইকিং করে আত্মসমর্পণের নির্দেশ দেয়। পরে দরজা ভেঙে লি-র কক্ষে ঢুকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, ৭৮ বছর বয়সী টমাস লি নিজ মাথায় একটি গুলি করেছেন। এ গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টমাস লির মৃত্যুর বিষয়ে তার পারিবারিক বন্ধু ও মুখপাত্র মাইকেল সিট্রিক একটি বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, টমাস লির মৃত্যুতে তার পরিবার অত্যন্ত শোকাহত। বিশ্ব তাকে বেসরকারি ইকুইটি ব্যবসার অগ্রদূতদের একজন হিসেবে, একজন সফল ব্যবসায়ী হিসেবে জানত। কিন্তু পরিবার তাকে একজন নিবেদিতপ্রাণ স্বামী, বাবা, দাদা, ভাই, বন্ধু, পরোপকারী ব্যক্তি হিসেবে জানত। তিনি সব সময় অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দিতেন।