নিজের কক্ষে পড়ে ছিল বেলারুশের লোকটির লাশ
নিজের কক্ষে পড়েছিলেন ইভানু মাকসিম। ৫১ বছর বয়সী বেলারুশের এই নাগরিকের সকালে কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু ঘুম থেকে ওঠেননি। এক সহকর্মী তাকে ডাকতে এসে বিছানায় অচেতন পড়ে থাকতে দেখেন। চিকিৎসকরা এসে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের
আবাসিক এলাকা গ্রিন সিটির। আজ শুক্রবার সকালে সেখানকার আবসিক ভবনে মাকসিমের লাশ পড়ে ছিল তার ঘরে। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
বেলারুশের এই নাগরিক প্রকল্পে রুইনওয়াল্ড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করতেন।
ঈশ্বরদি থানার সূত্রে জানা যায়, মাকসিম রাতে নিজের কক্ষে ছিলেন। সকাল সাতটায় তার কাজে যাওয়ার কথা। কিন্তু তাকে না পেয়ে পাশের কক্ষের এক সহকর্মী মাকসিমের কক্ষে খবর নিতে আসেন। মাকসিমকে তিনি নিজের খাটে অচেতন পড়ে থাকতে দেখেন। তিনিই প্রকলপ কর্মকর্তাদের ব্যাপারটি জানান। এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়।
প্রকল্পের চিকিৎসকরা মনে করছেন যে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাকসিমের মৃত্যু হয়েছে।
থানা সূত্র জানায়, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় মাকসিমের লাশ তার নিজ দেশে পাঠানো হবে।