নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ
জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান রওশন এরশাদ
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন। আজ মঙ্গলবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
জানা গেছে, ২০২২ সালের ৭ ডিসেম্বর জাতীয় পার্টির ৪ জন কো-চেয়ারম্যান ও ২ জন প্রেসিডিয়াম সদস্য এক সভায় অংশ নেন। সেখানে দলের কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু ও নাসরিন জাহান রত্না উপস্থিত ছিলেন।
ওই সভাতেই রওশন এরশাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
মঙ্গলবার (২২ আগস্ট) এক প্রেস নোটে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন তিনি।
এতে বলা হয়, দলের কো চেয়ারম্যানদের অনুরোধে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। কিন্তু যেসব কো-চেয়ারম্যান অনুরোধের কথা বলা হচ্ছে- তারা এই বিষয়ে কোনও কিছুই জানেন না।
সভার কার্যবিবরণী থেকে জানা যায়, মামলা মোকাদ্দমায় জাতীয় পার্টির চলমান অচল অবস্থা নিরসনে রওশন এরশাদকে উদ্যোগ নিতে আহ্বান জানানো হয়। দলের ক্রান্তিকাল মোকাবিলায় তাঁকে অস্থায়ী ভিত্তিতে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও মনোনীত করা হয়।
এতদিন রওশন এরশাদ দলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্বে ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জি এম কাদের।