নিজেদের মধ্যে কৌশলগত চুক্তির চেষ্টা করছে ইরান ও রাশিয়া
ইরান ও রাশিয়া নিজেদের মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি সই করার চেষ্টা করছে বলে জানিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান মুজতবা জুন্নুরি। তিনি বলেছেন, চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি কৌশলগত চুক্তির অভিজ্ঞতাকে এখানে কাজে লাগানো হবে।
রাষ্ট্রীয় প্রচারমাধ্যমকে জুন্নুরি এক সাক্ষাৎকারে বলেন, এ ধরনের কৌশলগত চুক্তি সই করতে তেহরান ও মস্কো উভয়েরই ব্যাপক আগ্রহ রয়েছে। তিনি বলেন, গত বছর ইরানের সংসদ স্পিকার বাকের কলিবফের মস্কো সফরের সময় তেহরানের পক্ষ থেকে এই চুক্তির প্রস্তাব দেয়া হলে মস্কো তাকে সাদরে গ্রহণ করে। বিষয়টি নিয়ে বর্তমানে ইরান ও রাশিয়ার মধ্যে জোর শলাপরামর্শ চলছে বলে তিনি জানান।
জুন্নুরি বলেন, প্রেসিডেন্ট হাসান রুহানি সরকার রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করলে তার প্রতি সংসদের পক্ষ থেকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দেয়া হবে।