শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

‘নগদ’কে নিয়ে গুজব: অজ্ঞাতনামা সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

অনলাইন নিউজ পোর্টাল • 19 ফেব্রুয়ারি 2021, 02:38 দুপুর • 237 বার পঠিত
‘নগদ’কে নিয়ে গুজব: অজ্ঞাতনামা সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

সরকার ও সরকারি সেবার বিরুদ্ধে গুজব ছড়িয়ে দেশে অস্থিশীলতা সৃষ্টির প্রচেষ্টা চলাচ্ছে একটি স্বার্থান্বেষী সংঘবদ্ধচক্র। সংঘবদ্ধ অপপ্রচার রোধ ও এ বিষয়ে আইনগত প্রতিকার চেয়ে গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সিএমএম কোর্টে মামলা করেছে সরকারের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

গত কয়েক দিন ধরে সারা দেশে অন্তত তিন লাখ লিফলেট বিতরণ করেছে একটি সংঘবদ্ধচক্র। আর এ কাজে তারা সরাসরি নিয়োজিত করেছে ১০ হাজারের বেশি কর্মীকে। বিষয়টি রোধ করতে অজ্ঞাতনামা সহস্রাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেছে ‘নগদ’।  

মামলা সূত্রে জানা গেছে, মামলার নম্বর ২৪৯/২১। পরে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২০ এপ্রিলের মধ্যে তাদের এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মতো করে বিভিন্ন কৌশলে এবং খুবই গোপনীয়তার সঙ্গে দেশব্যাপী সরকারবিরোধী ও সরকারি সেবার বিরুদ্ধে এসব লিফলেট বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। লিফলেটগুলোতে সরকারকে সরাসরি হেয় প্রতিপন্ন করা হয়েছে। লিফলেটগুলোর সঙ্গে সম্প্রতি আল জাজিরা টেলিভিশনের প্রচারিত বিভ্রান্তিকর প্রতিবেদনের বাংলা কপিজুড়ে দেওয়া হয়েছে, যা এরইমধ্যে উচ্চ আদালত দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। একইসঙ্গে সেনাপ্রধান ও সেনাবাহিনী এবং ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’কে হেয় প্রতিপন্ন করতে বিভিন্ন আন্ডারগ্রাউন্ড মিডিয়ার প্রতিবেদনের কপিও এতে সুকৌশলে জুড়ে দিয়েছে চক্রটি।

এদিকে গত বুধবার উচ্চ আদালতও ইউটিউব, ফেসবুক, টুইটারসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কাতারভিত্তিক আল জাজিরা টেলিভিশনের তথ্য চিত্রটি অপসারণের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশনা দিয়েছে।

সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, সারা দেশে বিতরণ করা এ ধরনের উস্কানিমূলক লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে উস্কানি দেওয়া এবং দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা মূলত নিষিদ্ধঘোষিত সংগঠনগুলোর কর্মপ্রক্রিয়ার অংশ হয়ে থাকে। প্রক্রিয়ার সঙ্গে দেশি-বিদেশি একটি কুচক্রীমহল জড়িত বলেও তথ্য পেয়েছেন সংস্থাগুলো।

রাজধানী ও রাজধানীর বাইরে বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিনে একটি আর্থিক কোম্পানি তাদের ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে এসব লিফলেট বিতরণ করিয়েছে। পরে ডিস্ট্রিবিউটরদের কর্মীরা বিভিন্ন এজেন্ট পয়েন্টে গিয়ে এজেন্টদের হাতে হাতে এসব লিফলেট দিয়ে এসেছেন। বিভিন্ন এজেন্ট পয়েন্টে থাকা সিসি ক্যামেরায় যা ধরা পড়েছে।