নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল
অনলাইন নিউজ পোর্টাল
•
12 অক্টোবর 2020, 08:42 সকাল
•
241 বার পঠিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভ শুরু করেছে দেশটির জনগণ। দুর্নীতির অভিযোগের জন্য বিচার চলাকালীন সময়ে তিনি রাষ্ট্র পরিচালনার অযোগ্য বলে দাবি দেশটির জনগণের। এছাড়া তার বিরুদ্ধে মহামারি করোনভাইরাস নিয়ন্ত্রণে অব্যবস্থাপনার অভিযোগ এনেছে ইসরায়েলি জনগণ ।
শনিবার ইসরায়েল জুড়ে কয়েক শতাধিক লোকালয়ে দেশব্যাপী লকডাউনের কারণে বিক্ষোভকারীরা একত্রিত হয়। জেরুজালেমে নেতানিয়াহুর সরকারি বাসভবনের বাইরে বিক্ষোভ করতে বাধা দেয়া হয়েছে। কারণ দেশটির বর্তমান লকডাউন নিয়ম অনুযায়ী শুধুমাত্র বাড়ির এক কিলোমিটার এর মধ্যে জড়ো হতে পারবে ইসরায়েলিরা।
তেল আবিবের হবিমা স্কোয়ারে বৃহত্তম সমাবেশে যোগ দেয় হাজার হাজার বিক্ষোভকারীরা। সেখানে ড্রামস বাজিয়ে ও বাঁশি বাজিয়ে বিক্ষোভ করে তারা। প্রতিবাদ আন্দোলনের প্রতীক হিসেবে গোলাপী ও কালো পতাকা ব্যবহার করে বিক্ষোভকারীরা। এছাড়া কিছু ব্যানারে নেতানিয়াহুর নাম উল্লেখ করে লেখা হয়, আপনি আমার ভবিষ্যত ধ্বংস করছেন।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের মধ্যে কমপক্ষে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।