নেপালের প্রধানমন্ত্রীর ভারতের বিরুদ্ধে নতুন অভিযোগ
ভারতের বিরুদ্ধে নতুন অভিযোগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়ার জন্য ভারত চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন তিনি। রবিবার এই অভিযোগের কথা জানান কে পি শর্মা। তিনি বলেন, ভারত-নেপাল সীমান্তের ৩টি জায়গা নেপালের ম্যাপে চিহ্নিত করার পর থেকেই তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে ভারত।
এর আগে, গত ৮ মে ভারত-নেপাল সীমান্তে একটি নতুন রাস্তার উদ্বোধন করেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী। রাস্তাটি প্রতিরক্ষামন্ত্রী উদ্বোধন করার পরেই প্রতিবাদ জানায় নেপাল। এই পরিস্থিতির মধ্যেই নেপালের পার্লামেন্টে একটি নতুন মানচিত্র পেশ করেন প্রধানমন্ত্রী ওলি। পরবর্তীতে নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষ ও উচ্চকক্ষে মানচিত্রটি সর্বসম্মতভাবে পাস করা হয়। তবে দেশটির এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ করে ভারত।
বর্তমানে নিজ দেশের ভিতরেই অবস্থান ভালো নয় কে পি ওলির সরকারের। কমিউনিস্ট পার্টির ভিতরেই তীব্র বিরোধ শুরু হয়েছে। কে পি ওলিকে প্রধানমন্ত্রী নির্বাচন হিসেবে নির্বাচন করা একটি ঐতিহাসিক ভুল বলে প্রকাশ্যে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী প্রচণ্ড। দলের ভিতর থেকে একাধিকবার ওলিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়ার চেষ্টাও করা হয়েছে। তবে সেটি মেনে নেননি ওলি।
এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে বিতর্ক তৈরি হওয়ায় রাজনৈতিকভাবে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে নেপালে। ওলিপন্থীদের অভিযোগ, ওলির বিরুদ্ধে এ বার ভারতকে ব্যবহার করার চেষ্টা করছে ওলি-বিরোধীরা। এরপর রবিবার ওলি নিজেও সেই একই অভিযোগ করেছেন। তিনি বলেন, ভারতের দূতাবাসও এই চক্রান্তে যুক্ত হয়েছে।