নেপালে ভূমিকম্প, কাঁপলো উত্তরবঙ্গের পাহাড়সহ সিকিমও
শিলিগুড়িতে ভোররাতে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। তবে এর উৎসস্থল নেপাল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৩। উত্তরবঙ্গের পাহাড়সহ সিকিমেও অনুভূত হয়েছে কম্পন।
গত শনিবার রাত ৩-৪ টার দিকে অনুভূত হয় উত্তরবঙ্গের একাধিক জায়গায়।
ভূমিকম্প হওয়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। গত ২ জুলাইও ভূমিকম্প অনুভূত হয়েছিল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। রাত ১১টা ৫৯ মিনিটে মৃদু কম্পন অনুভূত হয় দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি, আলিপুরদুয়ারসহ বিস্তীর্ণ অঞ্চলে। যদিও কম্পনের উৎসস্থল ছিল ভুটান।
মাসের শুরুতে ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটানের সামস্তে জোংখাগ এলাকা। এটা ভুটানের রাজধানী থিম্পু থেকে প্রায় ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৪ দশমিক ৭। তবে কম্পন খুব স্বল্প সময়ের জন্য স্থায়ী হওয়ায় এখনো পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি। তবে ভুটানের ভূমিকম্পের প্রভাবেই কেঁপে ওঠে সংলগ্ন দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ারসহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল।