নেপাল-চীন সীমান্ত বন্ধ হওয়ায় নেপালি উদ্যোক্তারা ক্ষতির মুখে
করোনার কারণে নেপাল-চীন সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার ফলে বিপুল সংখ্যক নেপালি উদ্যোক্তা চীনে পণ্য রপ্তানি করতে পারছেন না। ফলে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কাঠমান্ডু পোস্ট অনুসারে, কেরুং এবং টাটোপানি সীমান্ত পয়েন্টগুলো পুনরায় খোলা হয়েছে, কিন্তু আমদানি রফতানি শুরু হয়নি।
নেপাল চেম্বার অব কমার্সের সদ্য সাবেক সভাপতি রাজেশ কাজি শ্রেষ্ঠা বলেন, থামেল, পাটান এবং ভক্তপুর থেকে কার্পেট, থাংকা, রুপার গহনা, কাঠের কারুশিল্প, পশমিনা, মূর্তি রপ্তানি প্রায় শূন্য। নেপাল চেম্বারে ৭০০ জনেরও বেশি সদস্য রয়েছেন। শ্রেষ্ঠা বলেন, ব্যবসায়ীরা সড়ক ও আকাশ পথে পণ্য রপ্তানি করে আসছিলেন। কিন্তু ভাড়া ও বিভিন্ন চার্জ বাড়ার কারণে তারা মুনাফা অর্জন করতে পারছেন না।
গত বছরের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে মহামারির কারণে চীন তার সীমান্ত পয়েন্ট বন্ধ করে দেয় এবং এ বছরের ২০ জানুয়ারির পরে সীমান্তটি আবার বন্ধ করে দেওয়া হয়।
এ অবস্থায় নেপালের নির্মাতা এবং রপ্তানিকারকরা কঠিন সময়ের মুখোমুখি হয়ে দিন যাপন করছেন। অনেকে আয়ের অন্যান্য উৎস খুঁজতে শুরু করেছেন।