নীলফামারীর ৬ হাজার ৭৭৭ হেক্টর জমিতে সরিষা আবাদ
জেলায় দিগন্তজোড়া মাঠে ছড়িয়ে পড়েছে সরিষার হলুদ ফুলের ঝলমলে হাসি। ভোজ্য তেলের চাহিদা মেটাতে জেলার কৃষকরা এবার আবাদ করেছে ৬ হাজার ৭৭৭ হেক্টর জমিতে। যা দিয়ে এ জেলার ভোজ্য তেলের চাহিদা মিটাবে ১৪ ভাগ।
সরিষার ব্যাপক চাষের দিগন্তজোড়া ৩০০ বিঘার একটি প্লট দেখা গেছে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে। সে গ্রামের ১৪০ জন কৃষক সরিষার আবাদ করেছেন ওই প্লটে।
ওই গ্রামের কৃষক আব্দুর রশীদ (৫৫) গতবছর সরিষার আবাদ করেছিলেন তিন বিঘা জমিতে। ভোজ্য তেলের দাম বাড়ায় এবার একই প্লটে আবাদ করেছেন ১৪ বিঘায়। একইভাবে তিনিসহ পাশপাশি জমিতে ১৪০জন কৃষক সরিষার আবাদ করেছেন ৩০০ বিঘা জমিতে। এমন আবাদে সরিষার হলুদ ফুলে ভরে গেছে বিস্তির্ণ এলাকা। তাদের এমন আগ্রহে কুন্দপুকুর ইউনিয়নটির পাটকামুড়ি, আরাজীরামকলা, কুন্দপুকুর ও আঙ্গারপাড়া গ্রামে বিচ্ছিন্নভাবে আরো আবাদ ছড়িয়েছে ৩০০ বিঘা। সব মিলে ওই ইউনিয়নে এবার সরিষার আবাদ হয়েছে ৬০০ বিঘা জমিতে।