নবনির্মিত ‘ডাক ভবন’ এর আনুষ্ঠানিক যাত্রা বৃহস্পতিবার থেকে শুরু
ডাক অধিদফতরের নবনির্মিত সদর দফতর ‘ডাক ভবন’ এর আনুষ্ঠানিক যাত্রা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে।
রাজধানীর আগারগাঁওয়ে ডাক বাক্সের আদলে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত নান্দনিক এই ভবনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নবনির্মিত ভবনটি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে উপস্থিত থেকে অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।
ডাক ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ৯১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন এই ভবনটি নির্মাণ করা হয়েছে। ২টি বেইজমেন্টসহ ১৪ তলা ভবন নির্মাণের জন্য বাংলাদেশ ডাক অধিদফতরের সদর দফতর শীর্ষক প্রকল্পটি গত ২০ মার্চ ২০১৮ তারিখ একনেকে অনুমোদিত হয়। নবনির্মিত ডাক ভবনটিতে সুসজ্জিত ও সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক পোস্টাল মিউজিয়াম, সুপরিসর অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, মেডিকেল সুবিধা, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং সার্বক্ষণিক ওয়াইফাইসহ অন্যান্য তথ্য প্রযুক্তিগত সুবিধা রাখা হয়েছে।
মন্ত্রী জানান, ডাক ভবন উদ্বোধনে ডাক অধিদফতরের জন্য ঐতিহাসিক এই ক্ষণটি স্মরণীয় রাখতে একটি বিশেষ স্মারক ডাকটিকেট প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক ডাকটিকেট অবমুক্ত করবেন বলে আশা করা হচ্ছে।