নাভালনিকে সম্ভবত বিষ প্রয়োগ করা হয়েছে জানিয়েছে জার্মান হাসপাতাল
জার্মানিতে চিকিৎসাধীন রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে সম্ভবত বিষ প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন বার্লিন হাসপাতালের চিকিৎসকরা। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে বার্লিনের চ্যারিটি হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছে, ক্লিনিক্যাল পরীক্ষায় প্রাপ্ত প্রমাণ থেকে ইঙ্গিত মিলেছে যে বিষক্রিয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে সাইবেরিয়া থেকে রাজধানী মস্কো আসার পথে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে রাশিয়ার যে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানকার চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, আলেক্সেই নাভালনির দেহে বিষ প্রয়োগের কোনো প্রমাণ পাননি তারা।
বৃহস্পতিবার বিমানে ওঠার কিছুক্ষণ পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন নাভালনি। বিমান জরুরি অবতরণ করে তাকে ওমস্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে জার্মানি নিয়ে আসা হয়। এখন বার্লিনের চ্যারিটি হাসপাতালেই তার চিকৎসা চলছে।
প্রথমে চিকিৎসকেরা বলেন, নাভালনির রক্তে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি আছে। কিন্তু ঘণ্টা কয়েক পর তারাই বলা শুরু করলেন, সে ধরনের কোনো রাসায়নিক তার রক্তে নেই। এরপর নাভালনির স্ত্রী উলিয়া যখন বললেন, এখানে তার স্বামীর সুচিকিৎসা হবে না এবং সে জন্য তিনি তাকে বিদেশে নিয়ে যেতে চান। তখন চিকিৎসকেরা বললেন, এ অবস্থায় তাকে বিদেশে নেওয়ার চেষ্টা করলে তিনি যাত্রাপথেই মারা যেতে পারেন।
শুক্রবার রাতে পশ্চিমা কিছু দেশের নেতারা পুতিনকে ফোন করার পর হাসপাতাল কর্তৃপক্ষ শেষ পর্যন্ত তাকে ছাড়পত্র দেয় এবং তাকে দ্রুত জার্মানিতে নিয়ে যাওয়া হয়।