নাটোরে সড়ক দুর্ঘটনায় আরো ২ মৃত্যু
নাটোরে ফের সড়ক দুর্ঘটনা ঘটল। ফের মুত্যু হলো দুজনার। শনিবার সকালে নাটোরের বনপাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে মারা যান ৭ জন। এর পর রাতে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন।
বনপাড়া হাইওয়ে থানা সূত্র জানায়, শনিবার রাত ৯টার আগে এক সড়ক দুর্ঘটনায় একজন ব্যাংক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। বনপাড়ার কালিকাপুর কৃষি ও কারিগরি কলেজের সামনে নাটোর-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শামীম আহম্মেদ (৩৫) নামের আরোহী মারা যান। তিনি ব্র্যাক ব্যাংক পাবনা শাখার কর্মকর্তা ছিলেন।
নিহত শামীমের বাড়ি রাজশাহীর মোহনপুরে। তিনি নিজের বাড়ি থেকে কর্মস্থল পাবনায় যাচ্ছিলেন মোটরসাইকেল চালিয়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করে। রাতেই শামীমের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রাতেই নাটোর সদরের নাটোর-রাজশাহী মহাসড়কে ধানবোঝাই একটি ট্রাক সড়কের পাশে উল্টে যায়। ধানের বস্তার নিচে চাপা পড়ে মারা যান আল আমিন নামের এক ধানকাটা শ্রমিক। ধান কাটার পর ধানসহ বাড়ি ফিরছিলেন তিনি।