নাটোর ও নওগাঁয় দেড় হাজার গৃহহীন পরিবার পাচ্ছে ঘর
মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে জেলায় ৯৯৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমির মালিকানাসহ গৃহ পেতে যাচ্ছেন। পৌনে ২৬ কোটি টাকা ব্যয়ে জেলা প্রশাসন এসব গৃহ নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব গৃহ হস্তান্তর করবেন।
আজ রোববার দুপুর সাড়ে বারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার।
প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলার গরীব নিরন্ন মানুষের মুখে হাসি ফোটাবার। এ লক্ষ্যে তিনি অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা নিশ্চিতকরণের বিষয়টি সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদে অন্তর্ভূক্ত করেন। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল ভূমিহীন
ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে দুই শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হচ্ছে।
জেলা প্রশাসক জানান, নাটোর জেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে এক হাজার ৯৩৯টি গৃহ হস্তান্তর করা হয়েছে।
নওগাঁয় ৬১০ পরিবারের জন্য ঘর
মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন খাকবেনা ” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে কর্মসূচির তৃতীয পর্যায়ে নওগাঁ জেলায় ৬১০টি পরিবারের অনুকূলে গৃহ নির্মাণের বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দকৃত গৃহ নির্মাণের আওতায় ইতিমধ্যে ৫৪০টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। বাকী ৭০টি’র নির্মাণ কাজ চলছে।
রোববার সকাল সাড়ে ১০টায় নওগাঁ’র জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান তাঁর সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রদান করেছেন। তিনি বলেছেন তৃতীয় পর্যায়ে আরও মজবুত ভিত্তি ও আরও গুনগত মানসম্পন্ন বাড়ি নির্মাণ করা হয়েছে। প্রতিটি বাড়ির নির্মাণ বাবদ ১ লাখ ৭১ হাজার টাকা থেকে বৃদ্ধি করে এ পর্যায়ে ২ লাখ ৫৯ হাজার করা হয়েছে। তিনি আরও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ এপ্রিল সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও
নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন।
জেলা প্রশাসক জানিয়েছেন ঐ দিন নওগাঁ জেলার মোট ৫৪০টি গৃহের জমির দলিল এবং চাবি হস্তান্তর করা হবে। এর মধ্যে ধামইরহাট উপজেলায় ৪২টি, নওগাঁ সদর উপজেলায় ৬০টি, আত্রাই উপজেলায় ৩২টি, বদলগাছি উপজেলায় ৪৬টি, রানীনগর উপজেলায় ৪১টি, পত্নীতলা উপজেলায় ৮১টি, মান্দা উপজেলায় ৫২টি, মহাদেবপুর উপজেলায় ৫২টি, নিয়ামতপুর উপজেলায় ৫৫টি, পোরশা উপজেলায় ৩৪টি এবং সাপাহার উপজেলায় ৪৫টি। জেলা প্রশাসক জানান মুজিববর্ষে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এ পর্যায়ে এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে।
উল্লেখ্য, এ কার্যক্রমের আওতায় নওগাঁ জেলায় প্রথম পর্যায়ে ১০৫৬টি এবং দ্বিতীয় পর্যায়ে ৫০২টিসহ মোট ১৫৫৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।