শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিয়ে বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান

মোহাম্মদ খাইরুল আমিন • 21 মার্চ 2025, 03:45 দুপুর • 301 বার পঠিত
নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিয়ে বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বেইজিং ঘোষণা ও প্ল্যাটফর্ম ফর অ্যাকশন বাস্তবায়ন ত্বরান্বিত করতে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি নারীদের উন্নয়নে শক্তিশালী অংশীদারত্ব, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন প্রতিশ্রুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) নিউইয়র্কে অনুষ্ঠিত কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন (সিএসডব্লিউ৬৯)-এর ৬৯তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন তিনি। এ সময় তিনি ঐতিহাসিকভাবে গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের জন্য নারীদের অবদানের কথা উল্লেখ করেন এবং ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে তরুণ বিপ্লবীদের ভূমিকার কথা তুলে ধরেন, যেখানে ৬৫% বিপ্লবী ছিল নারী।

তিনি আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে দায়িত্ব গ্রহণ করে এবং বাংলাদেশের জেন্ডার ল্যান্ডস্কেপ চিরতরে বদলে যায়। বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার নারীর বিরুদ্ধে সহিংসতা দূর করতে ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ গঠন করেছে এবং সহিংসতার শিকার নারীদের জন্য ২৪ ঘণ্টার কুইক রেসপন্স টিম চালু করেছে।

সিএসডব্লিউ৬৯ অধিবেশনে তিনি ‘ন্যাশনাল মেকানিজম ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড দ্য এমপাওয়ারমেন্ট অব উইমেন অ্যান্ড গার্লস’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেন। এখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন বাস্তবায়নের অভিজ্ঞতা ও সেরা চর্চাগুলো তুলে ধরা হয়।

সম্মেলনের ফাঁকে তিনি চীন, সুইডেন, মেক্সিকো ও ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় নারী উন্নয়ন, লিঙ্গ সমতা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং কেয়ার ইকোনমির উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার প্রসার নিয়ে আলোচনা হয়।

শারমিন এস মুরশিদ ‘ইনভেস্টিং ইন কেয়ার-এ পাথওয়ে টু ইকোনমিক গ্রোথ অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এই ইভেন্টটি বাংলাদেশ, নেপাল ও ফিনল্যান্ডের যৌথ উদ্যোগে আয়োজিত, যেখানে ইউএন উইমেন, আইএলও, এডিবি, বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া, তিনি তুরস্ক ও তিউনিসিয়ার প্রতিনিধিদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

প্রসঙ্গত, তিনি ১০-২১ মার্চ পর্যন্ত নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে সরকারি সফরে রয়েছেন। সফরে তিনি লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, সামাজিক সেবায় বিনিয়োগ এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি সংক্রান্ত বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে যুক্ত হচ্ছেন।