নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের অপহরণকারী চক্রের ১১ জন সদস্য আটক
নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের অপহরণকারী চক্রের ১১ জন সদস্যকে আটক করেছে র্যাব। শনিবার (১০ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর সিনিয়র এএসপি সুমিনুর রহমান।
শুক্রবার রাতে ফতুল্লা মডেল থানাধীন চানমারী মাউরাপট্টি সেকশন মাঠ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এই ১১ সদস্যকে আটক করা হয়। তারা হলেন— রাসেল মিয়া ওরফে রাসেল (১৮), জালাল (১৮), আমিনুল ইসলাম (২৩), জনি ওরফে শফিকুল ইসলাম (১৮), জাকির হোসেন ওরফে জাকির (১৮), আনোয়ার (১৮), জুয়েল রানা (২২), আবু নাঈম (১৮), ফেরদৌস ইসলাম (১৮), আব্দুল্লাহ ওরফে শুভ (২৪) ও সাইফুল ইসলাম ওরফে শান্ত (১৮)।
আটকদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তথ্য অনুসন্ধানে জানা যায়, আটকরা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। এছাড়াও ওই এলাকায় কোন অপরিচিত লোক এলে তাকে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো।