নামাজ পড়ে ক্যাম্পে ফেরার সময় সড়কে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার
সাভারে টঙ্গী-আশুলিয়া-ডিইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় অজ্ঞাত পরিবহনের চাপায় মো. মোনায়েম নামে শিল্প পুলিশের এক উপ-পরিদর্শকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোরে টঙ্গী-আশুলিয়া-ডিইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মোনায়েম আশুলিয়া শিল্প পুলিশ-১ এর উপ পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল আলম বলেন, মোনায়েম নরসিংহপুর এলাকায় বান্দু গার্মেন্টসের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। ভোরে নামাজ শেষে ক্যাম্পে ফিরতে সড়ক পারাপারের চেষ্টা করছিলেন তিনি। এসময় বেপরোয়া গতির একটি অজ্ঞাত পরিবহনের তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। একই সাথে ঘাতক পরিবহনটিও সনাক্ত করে তা আটকের চেষ্টা চলছে।