নাইজেরিয়ায় স্কুল ধসে নিহত ২১, ধ্বংসস্তূপে আটকা শতাধিক
নাইজেরিয়ায় উত্তর-মধ্যাঞ্চলের প্লাটু রাজ্যে একটি স্কুল ভবন ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২১ শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। এছাড়া ধ্বংসস্তূপে আটকা পড়েছে আরও প্রায় ১২০ জন।
স্থানীয় সময় শুক্রবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সকালে ক্লাস চলাকালে রাজ্যের জোস নর্থ জেলার সেন্টস একাডেমি কলেজের দুই তলাবিশিষ্ট ভবনটি ধসে পড়ে।
শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় টেলিভিশন চ্যানেল স্কুল ভবন ধসের ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যুর খবর জানিয়েছে। কিন্তু রেড ক্রসের একজন মুখপাত্র এএফপি বার্তা সংস্থাকে বলেছেন যে ভবন ধসের কারণে কমপক্ষে ২১ জন শিক্ষার্থী নিহত হয়েছে।
নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মীর পাশাপাশি নিরাপত্তা বাহিনীকেও ঘটনাস্থলে উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে। তারা জানিয়েছে "বেশ কিছু শিক্ষার্থী" নিহত হয়েছে।
প্লাটু রাজ্যের তথ্য কমিশনার এক বিবৃতিতে জানান, স্কুলে ভবন ধসের ঘটনায় আনুমানিক ১২০ জন আটকা পড়েছে এবং আটকা পড়াদের অনেককে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। আহতদের কোনো ধরনের কাগজপত্র বা অর্থ ছাড়াই জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা দিতে হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।