নাইজারে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসীদের হামলা, নিহত কমপক্ষে ৫৮
নাইজারের কয়েকটি যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় ৫৮ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।
সরকারি টেলিভিশন চ্যানেলে দেয়া এক বিবৃতি বলা হয়েছে, সোমবার বিকেলে অজ্ঞাতনামা বেনিবাঙ্গু এলাকার একটি বাজার থেকে যাত্রীবাহী গাড়ির গতিরোধ করে। এই বর্বর হামলায় ৫৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। এছাড়া প্রচুর শস্য ও দুটি যান আগুনে পুড়েছে এবং আরো দুটি যান ছিনিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, ক্ষতিগ্রস্থদের জন্য তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশিটির সরকারি মুখপাত্র আবদুর রহমান জাকারিয়া।
এদিকে এখন পযর্ন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে যে স্থানটিতে হামলাটি হয়েছে সেটি তিলাবেরি অঞ্চলে অবস্থিত। মালি ও বুরকিনা ফাসো সীমান্তে অবস্থিত এলাকাটিতে সন্ত্রাসী গোষ্ঠী আইএস ও আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীগুলো সম্প্রতি হামলা চালাচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ২ জানুয়ারি তিলাবেরির দুটি গ্রামে অভিযানে কমপক্ষে ১০০ জন বেসামরিক মানুষকে হত্যা করা হয়, যা দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড।