নাহিদ ইসলাম যা লিখলেন তাঁর পদত্যাগপত্রে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। আজ (মঙ্গলবার) দুপুরের পর তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। এরপর তিনি পতাকাবিহীন গাড়িতে যমুনা ত্যাগ করেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, পদত্যাগপত্রে নাহিদ ইসলাম লিখেছেন যে, বর্তমান পরিস্থিতিতে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তাঁর ছাত্র-জনতার কাতারে থাকা উচিত বলে তিনি মনে করেন।
পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, “আমি ৮ আগস্ট শপথ নেওয়া উপদেষ্টা পরিষদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলাম। নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও প্রধান উপদেষ্টার নেতৃত্বে দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছি। তবে বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি, আমার ছাত্র-জনতার কাতারে উপস্থিত থাকা উচিত। ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীন মনে করছি।”
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে, যার নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে বলে জানা গেছে।