ময়মনসিংহে জুয়েলার্সের দোকানে ককটেল ফাটিয়ে স্বর্ণালঙ্কার লুট
মোহাম্মদ খাইরুল আমিন
•
21 জুলাই 2022, 08:37 সকাল
•
261 বার পঠিত
ময়মনসিংহের ভালুকায় গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে ককটেল ফাটিয়ে ও গুলি করে জুয়েলার্সের দোকানে ডাকাতি করে । লুট করে নিয়ে যায় প্রাইভেটকারযোগে আসা পাঁচ-ছয়জনের ডাকাতদল। এই ঘটনায় দোকানের মালিক গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন।
পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার প্রদীপ জুয়েলার্স নামের একটি সোনার দোকানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক সাড়ে ৮টার হঠাৎ তিনটি বিকট শব্দ হয়। শব্দের পর ধোঁয়ায় অন্ধকার হয়ে গেলে দোকানের সব স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, পাঁচ মিনিটের মধ্যেই ডাকাত দলটি ঘটনাস্থল ত্যাগ করেছে। তবে কী পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে গেছে, তা এখনও জানা যায়নি।
তবে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে কাজ শুরু করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হবে আশা করছি।