ময়মনসিংহে ৩ লাখ পরিবারকে দেয়া হবে টিসিবির পণ্য
ময়মনসিংহে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিত্য প্রয়োজনীয় পণ্য পাবেন ৩ লাখ ২ হাজার ৯৭১টি পরিবার। আজ রোববার (২০ মার্চ) থেকে জেলার ১৩টি উপজেলা ও সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের নির্ধারিত স্পটে ট্রাক সেলের মাধ্যমে প্রদান করা হবে টিসিবির পণ্য। শনিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
তিনি বলেন, আসন্ন রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ কর্তৃক সারাদেশে এক কোটি নিম্ন আয়ের মানুষের নিকট ভর্তুকি মূল্যে পণ্য সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহ জেলায় ৩ লাখ ২ হাজার ৯৭১ জনকে মন্ত্রণালয় থেকে নির্ধারিত হারে উপকারভোগী হিসেবে বাছাই করা হয়। এরমধ্যে ৭০ হাজার ৪০৯ জন সিটি করপোরেশনে এবং বাকি ২ লাখ ৩২ হাজার ৫৬২ জন বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে বাছাই করা হয়েছে।