মুঠোফোনে গ্রাহককে না জানিয়ে টাকা কাটার অভিযোগ সত্য
স্বয়ংক্রিয়ভাবে মুঠোফোনে ওয়েলকাম টিউন চালু হয়ে টাকা কেটে নেওয়ার অভিযোগের সত্যতা পেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন । দুটি সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর জরিপ করে বিটিআরসি দেখেছে, তারা গ্রাহকের সম্মতি ছাড়াই বিভিন্ন সেবা চালু করে টাকা কেটে নিয়েছে।
দেশের চারটি মুঠোফোন অপারেটরের গ্রাহকদের ওয়েলকাম টিউন ছাড়াও নিউজ অ্যালার্ট, ধর্মবিষয়ক অ্যালার্ট, গান, ভিডিও, মুঠোফোনের গেম ইত্যাদি সেবা দিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। এগুলোকে বলা হয় টেলিকমিউনিকেশন ভ্যালু অ্যাডেড সার্ভিস। দেশের গ্রাহকেরা দীর্ঘদিন ধরে এ বিষয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন।
এ অভিযোগে দুই মোবাইল অপারেটর রবি আজিয়াটা ও বাংলালিংকের গ্রাহকদের দেওয়া টেলিকমিউনিকেশন ভ্যালু অ্যাডেড সার্ভিস (টিভ্যাস) বন্ধের নির্দেশ দিয়েছে বিটিআরসি। এ নির্দেশনা দিয়ে গত মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে দুই অপারেটরকে চিঠি দেওয়া হয়। বিটিআরসি সূত্র জানায়, এর বাইরে চারটি টিভ্যাস সেবাদাতার সেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।