মুসলিমদের অধিকার নিশ্চিত না করলে ভেঙ্গে যেতে পারে ভারত: ওবামা
মুসলিমদের অধিকার নিশ্চিত না করলে ভেঙ্গে যেতে পারে ভারত: ওবামা
বর্তমানে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর করছেন নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রী হওয়ার পর নিজের প্রথম এই রাষ্ট্রীয় সফরে মুসলিম সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে তুপের মুখে পড়েছেন মোদি।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মোদির এই সফরের মধ্যেই ভারত সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন । তিনি বলেছেন, মুসলিমদের অধিকারকে যথাযথ সম্মান না করলে ভারত ভেঙে খন্ড খন্ড হয়ে যেতে পারে।
শুক্রবার (২৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।
প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার বলেছেন, মুসলিম সংখ্যালঘুদের অধিকারকে যথাযথ সম্মান না করলে ভারত ভেঙে খন্ড খন্ড হয়ে যেতে পারে। এসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সময় তার কাছে বিষয়টি উত্থাপন করতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বানও জানান তিনি।
যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আলোচনা হয়েছে। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র এবং ভারতের ‘ডিএনএর’ মধ্যে গণতন্ত্র রয়েছে। তিনি ভারতের গণতান্ত্রিক মূল্যবোধের প্রশংসা করেন।
এর আগে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ভারত নিয়ে বেশ কড়া কথা বলেন। সেখানে তিনি বলেন: ‘প্রধানমন্ত্রী মোদিকে আমি ভালো করেই জানি এবং এই পরিস্থিতিতে যদি মোদির সঙ্গে দেখা করতাম, তাহলে তাকে আমি বলতাম- আপনি যদি ভারতে জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষা না করেন, তাহলে ভারতের টুকরো টুকরে হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল।’
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের বৈঠক প্রসঙ্গে ওবামা বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন যদি ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, তাহলে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে মুসলিম সংখ্যালঘুদের অধিকারের সুরক্ষার বিষয়টি উত্থাপিত করা তার জন্য উচিত ।’
বার্তাসংস্থা রয়টার্স পৃথক প্রতিবেদনে বলছে, মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত প্রতিবেদনে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভারতে মুসলমান, হিন্দু দলিত, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আচরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং দেশটির সাংবাদিকদের ওপর নির্যাতনের বিষয়টি সামনে এনেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, প্রধানমন্ত্রী হওয়ার নয় বছর পর প্রথমারের মতো রাষ্ট্রীয় সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতরাতেই তার সম্মানে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।