মুসলিম প্রধান লাক্ষাদ্বীপে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি
করোনাভাইরাসে ভারত যখন বিপর্যস্ত, তখন ভারতই একটি দ্বীপ বিরল নজির গড়েছে। মুসলিম প্রধান এই দ্বীপে এখন পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। দ্বীপটির নাম লাক্ষাদ্বীপ। এখানে প্রায় ৭০ হাজার জনসংখ্যার ৯৭ শতাংশই মুসলমান।
আরব সাগরের এই দ্বীপপুঞ্জটি ভারতের একমাত্র অঞ্চল যেখানে একটিও করোনা পজিটিভ শনাক্ত হয়নি। এটি ৩৬টি দ্বীপ নিয়ে গঠিত। বিশেষজ্ঞরা বলছেন, বাকি দেশের তুলনায় অনেক আগে থেকে যাতায়াতে কড়াকড়ি আরোপ করাসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল এই দ্বীপে।
ওই অঞ্চলের এমপি মোহাম্মদ ফয়সাল বলেন, দ্বীপে বহিরাগতদের প্রবেশ করতে না দেওয়ায় এমন সাফল্য মিলেছে। সম্প্রতি লাক্ষাদ্বীপের প্রশাসন সেখানে ফের স্কুল খোলার জন্য কেন্দ্রের অনুমতি চেয়েছে।
এমপি ফয়সাল বলেন, যখন জানুয়ারির শেষে কেরালায় প্রথম কোভিড রোগীর সন্ধান মেলে, তখনই আমরা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশি-বিদেশি পর্যটকদের আসা বন্ধ করে দিই। এমন কী, এন্ট্রি পারমিট নিয়ে যারা এখানে শ্রমিকের কাজ করতে আসেন তাদের জন্যও লাক্ষাদ্বীপের দরজা বন্ধ করে দেওয়া হয়। এছাড়া পুলিশ এখানে কারফিউ খুব কঠোরভাবে বলবৎ করেছে। লোকজনও অযথা বাড়ির বাইরে বেরোয়নি।