শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

মুসলিম বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে তুরস্ক

মোহাম্মদ খাইরুল আমিন • 05 মে 2026, 09:36 রাত • 126 বার পঠিত
মুসলিম বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে তুরস্ক

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে অর্থনীতির আকারে শীর্ষ স্থান দখল করতে যাচ্ছে তুরস্ক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর সর্বশেষ প্রতিবেদনে এমন সম্ভাবনার কথাই বলা হয়েছে। 

এপ্রিল মাসে প্রকাশিত আইএমএফ তাদের ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুক প্রতিবেদনে পূর্বাভাস দিয়ে বলেছে, চলতি বছরে তুরস্কের মোট দেশজ উৎপাদন (GDP) ১.৬৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। 

এই পূর্বাভাস অনুযায়ী, দীর্ঘদিন ধরে এ তালিকায় শীর্ষে থাকা ইন্দোনেশিয়াকে পেছনে ফেলবে তুরস্ক। চলতি বছরে ইন্দোনেশিয়ার জিডিপি প্রায় ১.৫৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরবের জিডিপি ২০২৬ সালে ১.৩৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে মুসলিম দেশগুলোর ভেতর দেশটির অবস্থান হবে তৃতীয়। এই তালিকায় কেবল তুরস্ক, ইন্দোনেশিয়া ও সৌদি আরব—এই তিন দেশের অর্থনীতিই এক ট্রিলিয়ন ডলারের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, তুরস্কের জিডিপি বৃদ্ধির পেছনে প্রধান কারণ হলো উৎপাদন খাতের সম্প্রসারণ, পর্যটন খাতের পুনরুদ্ধার, রপ্তানি বৃদ্ধি এবং বিনিময় হারের প্রভাব। এসব কারণে তুরস্কের জিডিপি অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর তুলনায় এগিয়ে গেছে।

অন্যদিকে, জনসংখ্যার সুবিধা ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য থাকা সত্ত্বেও ইন্দোনেশিয়া কিছু খাতে ধীরগতির কারণে এবং বৈশ্বিক পণ্যমূল্যের অস্থিরতার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকরা আরও উল্লেখ করেন, এই গোষ্ঠীর অন্যান্য বড় অর্থনীতিগুলো মূলত কাঁচামাল ও জ্বালানি রপ্তানির ওপর নির্ভরশীল। এর বিপরীতে, শিল্প ও সেবাখাতে বৈচিত্র্যময় কাঠামোর কারণে তুরস্কের প্রবৃদ্ধির গতি তুলনামূলকভাবে বেশি টেকসই হয়েছে।

জানুয়ারিতে আইএমএফ পূর্বাভাস দিয়েছিল, ২০২৬ সালে তুরস্কের অর্থনীতি ৪.২ শতাংশ হারে বৃদ্ধি পাবে। তবে এপ্রিল মাসে উচ্চ তেল ও প্রাকৃতিক গ্যাসের দামের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে সংস্থাটি ২০২৬ সালের জন্য তুরস্কের প্রকৃত প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩.৪ শতাংশে নামিয়ে আনে।