মুসা টিপু হত্যায় জড়িত: ডিবি
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় ওমানে গ্রেপ্তার হওয়া সুমন শিকদার মুসা জড়িত বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুসা এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। কিন্তু ডিবি এখন দায়েরকৃত মামলায় মুসাকে ১৫ দিনের রিমান্ডে নিতে চায়। তাই বিস্তারিত কিছু জানানোর সময় এটা নয় বলে জানায় তারা।
আজ শুক্রবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান।
টিপু হত্যা মামলার তদন্তে মুসার নাম এসেছিল। এরপর তাকে ধরতে বাংলাদেশের পুলিশ আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছিল। এর ভিত্তিতে গত ১২ মে ইন্টারপোল ওমানে মুসাকে গ্রেপ্তার করে।
এরপর গত রোববার বাংলাদেশ পুলিশের একটি দল মুসাকে ফিরিয়ে আনতে ওমানে যায়। গতকাল বৃহস্পতিবার মুসাকে নিয়ে ফেরে তারা।
গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শোরুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এসময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।