মুখ্যসচিব অবসর নিয়ে এখন মমতার প্রধান উপদেষ্টা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধের জেরে বিপাকে পড়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল দশটায় রাজধানী দিল্লিতে গিয়ে তাকে দায়িত্ব নিতে বলা হয়েছিল। তবে মমতা তাকে ছাড়েননি। আলাপনও দিল্লি যাননি। পরে অবসর নেয়ার কথা জানানোর পর আলাপনকে নিজের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন মমতা।
এর আগে অবশ্য আলাপন বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার দিল্লিতে গিয়ে দায়িত্ব নেয়ার নির্দেশ দিয়েছিল মোদি সরকার। তবে আলাপন ততক্ষণে অবসর নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।
অন্যদিকে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব হয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। এমনিতে আলাপনের সোমবারই অবসর নেয়ার কথা ছিল। তবে করোনা ও ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি সামাল দেয়ার জন্য মমতা কেন্দ্রীয় সরকারের কাছে তিন মাস চাকরি বৃদ্ধির আবেদন করেন। নরেন্দ্র মোদির সরকার তাতে রাজিও হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর বৈঠকে যোগ না দেয়ার জন্য কেন্দ্রীয় সরকার তাকে বদলি করে দেয়।
এরপরেও অবশ্য আলাপনকে শো কজ করা হয়েছে। ডাকা সত্ত্বেও কেন তিনি ইয়াসের ক্ষতিপূরণ সংক্রান্ত প্রধানমন্ত্রীর বৈঠকে যোগ দেননি, তার কারণ জানতে চাওয়া হয়েছে। তিনদিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।