মুখোমুখি যুদ্ধজাহাজকে কেন্দ্র করে প্রবল উত্তেজনায় মার্কিন-ইরান
চলতি মাসের শুরুর দিকে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের দুটি যুদ্ধজাহাজ মুখোমুখি হয়েছিল। এ ঘটনায় দেশ দুটির মধ্যে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। দুই দেশের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে এক বছরের বেশি সময় ধরে নানা আলোচনা চলছে। এর মধ্যে দুই দেশের যুদ্ধজাহাজের মুখোমুখি হওয়ার ঘটনা এটাই ছিল প্রথম।
মঙ্গলবার মার্কিন নৌবাহিনীর বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ঘটনাটি স্বীকার করা হয়নি। অবশ্য দুটি জাহাজের মুখোমুখি হওয়ার ওই ঘটনায় কেউ আহত হননি বা কোনো ক্ষতি হয়নি।
মার্কিন নৌবাহিনী প্রকাশিত ২ এপ্রিলের একটি ভিডিও চিত্রে দেখা গেছে, ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) একটি যুদ্ধজাহাজ মার্কিন যুদ্ধজাহাজ ইউএসসিজিসি মনোময়ের সামনে চলে আসে। এতে মার্কিন কোস্টগার্ডের ওই যুদ্ধজাহাজ হঠাৎ থামাতে হয়। এতে যুদ্ধজাহাজটির ইঞ্জিনে ধোঁয়া উঠতেও দেখা যায়।