শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মুহিতের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক

মোহাম্মদ খাইরুল আমিন • 30 এপ্রিল 2022, 10:36 দুপুর • 1,354 বার পঠিত
মুহিতের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, “অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে দেশের অর্থনীতির শক্তিশালী ভিত রচনায় আবুল মাল আবদুল মুহিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অগ্রযাত্রায় আবুল মাল আব্দুল মুহিতের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

আওয়ামী লীগ সরকারে দুই মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারী মুহিত ৮৮ বছর বয়সে শুক্রবার মারা যান।

গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই বর্ষীয়ান সদস্য।

রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রয়াত আবুল মাল আবদুল মুহিতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মুহিতের মৃত্যুতে শোক জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সফল এ অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ স্বীয় কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।”

শোকবার্তায় প্রধানমন্ত্রী পাকিস্তান সিভিল সার্ভিসের সদস্য মুহিতের ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাসে চাকরিরত অবস্থায় পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের প্রথম সরকারে যোগ দেওয়ার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী প্রয়াত মুহিতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।