শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা: নিহত ১, আহত ৩

মোহাম্মদ খাইরুল আমিন • 11 মার্চ 2025, 04:01 দুপুর • 708 বার পঠিত
মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা: নিহত ১, আহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোয় ইউক্রেন বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার (১১ মার্চ) স্থানীয় সময় ভোর ৪টার দিকে এই হামলায় একজন নিহত ও অন্তত ৩ জন আহত হয়েছে। হামলার পর নিরাপত্তার স্বার্থে মস্কোর চারটি প্রধান বিমানবন্দর এবং ইয়ারোস্লাভল ও নিজনি নভগোরোদ অঞ্চলের আরও দুটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, মস্কোর দিকে আসা অন্তত ৬৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। গভর্নর আন্দ্রে ভোরোবিয়ভ জানিয়েছেন, ক্রেমলিন থেকে ৫০ কিমি দক্ষিণ-পূর্বে রামেনস্কোয়ে জেলায় এক বহুতল ভবনে সাতটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, মস্কোর দক্ষিণে ডোমোদেদোভো জেলার একটি ট্রেন স্টেশনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুশ সংবাদমাধ্যমগুলো মস্কোর বিভিন্ন আবাসিক এলাকায় আগুন লাগার ভিডিও পোস্ট করেছে, যা ড্রোন হামলার কারণে বলে দাবি করা হয়েছে। তবে রয়টার্স এই দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এই হামলা এমন সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা সৌদি আরবে শান্তি আলোচনা করতে বৈঠকে বসার কথা রয়েছে। কিয়েভ দাবি করেছে, এই হামলাগুলো রাশিয়ার সামরিক অবকাঠামো ধ্বংসের জন্য চালানো হয়েছে এবং এটি রাশিয়ার অব্যাহত হামলার পাল্টা জবাব।